নিজেদের এলাকায় যেতেই ৩০ পুলিশ লাগে, বিধায়ককে ৪২০ বলে কটাক্ষ কল্যাণের!

বার্তা ডেস্কঃ

মালদহের চাঁচলে দলীয় কোন্দল ও ক্ষোভ প্রকাশ্যে এনে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার চাঁচল শহরের একটি অতিথি আবাসে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দিয়ে তিনি স্থানীয় তৃণমূল বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করেন। বিধায়ককে সরাসরি ‘ফোর টোয়েন্টি’ (৪২০) আখ্যা দিয়ে কল্যাণ দাবি করেন, নিজের বিধানসভা এলাকাতেই সাবলীলভাবে ঢুকতে পারছেন না ওই বিধায়ক; তাঁকে এলাকায় যেতেও অন্তত ৩০ জন পুলিশের কড়া নিরাপত্তা নিতে হচ্ছে।

দলের অন্দরের অনৈক্য নিয়ে কড়া বার্তা দিয়ে সভায় তিনি এনসিপিআইয়ের ২০ জন সাংসদ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিধায়কদের সরাসরি ‘গদ্দার’ বলে তোপ দাগেন। ইতিহাস টেনে কল্যাণের হুংকার, মীরজাফরের পাশাপাশি এই নেতাদের নামও চিরকাল কলঙ্কিত হয়ে থাকবে।

চাঁচল, মালতীপুর ও রতুয়া বিধানসভা কেন্দ্রের বিপুলসংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি, জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা। চাঁচলের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি মজিবর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এই সভা থেকে কল্যাণের এমন ঝাঁঝালো বক্তব্য ঘিরে শাসকদলের অন্দরে নতুন করে চরম রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *