পুজোর অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত! আজই কি সব রহস্য ফাঁস করবেন মুখ্যমন্ত্রী?
বার্তা ডেস্কঃ
September 7, 202610:33 am
আসন্ন দুর্গাপুজোয় রাজ্য সরকারের নীতি ও আর্থিক অনুদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে, তা জানতে সোমবারের বৈঠকের দিকেই নজর পুজো কমিটিগুলির। বিকেলে মিলনমেলা প্রাঙ্গণে বিভিন্ন পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই অনুদান ও প্রশাসনিক ছাড় সংক্রান্ত সরকারের নতুন অবস্থান স্পষ্ট করা হবে।
গত বছর পূর্বতন সরকারের আমলে রাজ্যের প্রায় ৪৫ হাজার পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান এবং বিদ্যুৎ বিলে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকার এই অনুদান চালু রাখবে কি না, নাকি নতুন কোনও নিয়ম বা নীতি নিয়ে আসবে—তা নিয়ে উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বেড়েছে।
‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সভাপতি সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তাহ তিনেক আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পুরসভা ও বিদ্যুৎ বিভাগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছিল। মুখ্যমন্ত্রী সে সময় সেপ্টেম্বরে বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের বৈঠকে সরকার নিজেদের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি আয়োজকদের থেকে কী ধরণের সহযোগিতা চায়, তা নিয়ে আলোচনা হতে পারে। অতীতের মতোই এবারও রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা পাওয়ার বিষয়ে আশাবাদী পুজো উদ্যোক্তারা।