স্কুলে রিল বানালেই কড়া শাস্তি, মোবাইল ধরতে গেটে বসছে মেটাল ডিটেক্টর!
বার্তা ডেস্কঃ
পড়ুয়াদের মোবাইল আসক্তি এবং ক্লাসে বসে রিল বানানোর প্রবণতা রুখতে অভূতপূর্ব কড়া পদক্ষেপ গ্রহণ করল দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুল। ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবেই স্কুলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য স্কুলের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। আপাতত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কড়াকড়ি শুরু হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক জানান, ছাত্রছাত্রীদের একটি অংশ গোপনে স্কুলে ফোন নিয়ে এসে রিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। সেই কারণেই স্কুলে মোবাইল আনা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এবং মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে এই সমস্যা স্থায়ীভাবে দূর করতে অভিভাবকদেরও সমানভাবে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
করোনা অতিমারির সময় অনলাইন ক্লাসের দরুন বাধ্য হয়েই শিশুদের হাতে মোবাইল তুলে দিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু পরবর্তীতে সেই অভ্যাসই মারাত্মক আসক্তিতে রূপ নিয়েছে। বর্তমানে টিউশন শিক্ষকদের দেওয়া পিডিএফ এবং অনলাইন পড়াশোনার অজুহাতেও মোবাইলের অপব্যবহার বাড়ছে, যা শিশুদের খেলার মাঠ ও সাংস্কৃতিক চর্চা থেকে দূরে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল স্কুল নয়, অভিভাবক এবং সরকারি পর্যায় থেকেও যৌথ উদ্যোগের প্রয়োজন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।