১০ সেপ্টেম্বরই কি জেলযাত্রা? রাজপাল যাদবের ৫ কোটির শর্তে মিলল স্বস্তি!
বার্তা ডেস্কঃ
চেক বাউন্স মামলায় আপাতত জেলযাত্রা এড়ালেও বড়সড় আর্থিক ও আইনি শর্তের মুখে পড়লেন জনপ্রিয় বলিউড অভিনেতা রাজপাল যাদব। একাধিক চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্ট তাঁর ৩ মাসের কারাদণ্ড বহাল রেখে ১০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মঙ্গলবার শর্তসাপেক্ষে সাময়িক স্বস্তি পেয়েছেন অভিনেতা।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ৫ কোটি টাকা জমা দিতে পারলেই কেবল তাঁর আত্মসমর্পণে সাময়িক স্থগিতাদেশ কার্যকর হবে।
অভিযোগকারী সংস্থা মেসার্স মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডকে মোট প্রায় ৭.৫ কোটি টাকা মেটানোর কথা ছিল রাজপালের, যার মধ্যে আগে তিনি ২.২৫ কোটি টাকা জমা দিয়েছিলেন। এবার বাকি বকেয়ার বড় অংশ অর্থাৎ ৫ কোটি টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে অভিনেতাকে জেলেই যেতে হবে। আদালত আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মামলার সমস্ত পক্ষকে জবাব পেশ করার নির্দেশ দিয়েছে।