পুজোর আগেই খুশির খবর, চা শ্রমিকদের জন্য ২০% বোনাসের ঘোষণা নবান্নের!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর আবহেই উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির খবর নিয়ে এল রাজ্য সরকার। পুজোর আগেই শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছাবে ২০ শতাংশ হারে বোনাস। উত্তরবঙ্গ অঞ্চলের অতিরিক্ত শ্রম কমিশনার অমল মজুমদার ইতিমধ্যেই এই মর্মে একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করেছেন।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, উত্তরবঙ্গের সমস্ত চা বাগানকে আগামী ৫ই অক্টোবরের মধ্যে, অর্থাৎ দুর্গাপুজো ও উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই, এই ২০ শতাংশ বোনাস মিটিয়ে দিতে হবে।
উল্লেখ্য, চা বাগান মালিক সমিতি এবং ট্রেড ইউনিয়নগুলির মধ্যে বোনাস সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক হওয়ার আগেই নবান্নের তরফে এই একতরফা ও কড়া নির্দেশিকা জারি করে শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হল। গত বছরও একইভাবে বৈঠক হওয়ার আগেই রাজ্য সরকার ২০ শতাংশ বোনাসের নির্দেশিকা জারি করেছিল।
তবে সরকারের এই সার্বজনীন নির্দেশিকায় কিছুটা উদ্বেগে চা বাগান মালিক পক্ষ। মালিক সমিতির প্রতিনিধিদের মতে, সব বাগানের আর্থিক অবস্থা একরকম নয়। তাই ঢালাওভাবে ২০ শতাংশ বোনাস দেওয়া অনেক দুর্বল বাগানের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।