নন্দীগ্রামে উপনির্বাচনের আগে বড় ধাক্কা, শেখ সুফিয়ান সহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ গঠন!

বার্তা ডেস্কঃ

২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যা মামলায় শেখ সুফিয়ান-সহ ৪১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করতে চলেছে হলদিয়া আদালত। উপনির্বাচনের ঠিক আগে এই পদক্ষেপকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে নন্দীগ্রামে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছিল সিবিআই। সিবিআইয়ের আইনজীবী অমিতাভ মৈত্র জানান, তদন্তের পর চার দফায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। মোট ৪২ জনের নাম উঠে আসলেও, এক অভিযুক্তের মৃত্যু হওয়ায় বাকি ৪১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

কী ঘটেছিল সেদিন?

২০২১ সালের ভোটের ফল প্রকাশের পর নন্দীগ্রামে একটি বেআইনি দল দেবব্রত মাইতি-সহ বেশ কয়েকজনের ওপর মারাত্মক হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা দেবব্রতের পরবর্তীতে মৃত্যু হয়।

সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হচ্ছে, আগামী ৬ মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণসহ সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যাতে দেবব্রত মাইতির পরিবারকে দ্রুত বিচার দেওয়া যায়। হলদিয়া আদালতে শুনানিতে অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কী কী ধারায় চার্জ গঠন করা হয়, এখন সেদিকেই নজর সব মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *