পিজি রুমে নজরদারি! তরুণীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যে মুম্বইয়ে তোলপাড়

বার্তা ডেস্কঃ

নিজের ঘরে কী পোশাক পরা হবে, সেটির ওপর নজরদারি চালাতে এবার পিজির ভেতরেই সিসিটিভি ক্যামেরা বসানোর অভিযোগ উঠল এক বাড়িওয়ালার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি মেয়েদের পেয়িং গেস্ট (PG) আবাসন ঘিরে। অভিযোগ, বাসিন্দাদের কোনো অনুমতি না নিয়ে, এমনকি আগে থেকে কিছু না জানিয়েই লিভিং রুমের ভেতরে সিসিটিভি বসিয়েছেন ওই বাড়িওয়ালা। শুধু তাই নয়, ঘরের ভেতরে থাকার সময় তরুণীদের ‘শালীন পোশাক’ পরার ফতোয়াও জারি করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই গোপনীয়তার অধিকার লঙ্ঘন নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

ঘটনাটি মুম্বইয়ের একটি ৩-বিএইচকে (3 BHK) পিজির, যেখানে সাতজন তরুণী একসাথে থাকেন। ভুক্তভোগী এক তরুণী সোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, একদিন সকালে হঠাৎ দরজায় কড়া নেড়ে বাড়িওয়ালা জানান যে তিনি লিভিং রুমে সিসিটিভি বসিয়েছেন। তরুণীদের না জানিয়ে এভাবে হুট করে এসে বলে দেওয়াকেই নাকি ‘অনুমতি নেওয়া’ হিসেবে দাবি করছেন ওই বাড়িওয়ালা।

শোওয়ার ঘরে পড়ার টেবিল না থাকায় বাধ্য হয়েই লিভিং রুমে এসে পড়াশোনা ও খাওয়া-দাওয়া করতে হয় বাসিন্দাদের। কিন্তু সেখানে আচমকা ক্যামেরা বসিয়ে বাড়িওয়ালা নির্দেশ দেন, এখন থেকে লিভিং রুমে এলে অবশ্যই ‘শালীন পোশাক’ পরতে হবে।

তরুণীরা এই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিবাদ জানালে বাড়িওয়ালা নিরাপত্তার দোহাই দেন। তাঁর দাবি, পুলিশি নির্দেশিকা মানতে, জিনিসপত্র চুরি রোখাতে এবং পিজিতে বাইরের বন্ধুদের আসা- যাওয়া বন্ধ করতেই নাকি এই সিসিটিভি বসানো হয়েছে।

তবে তরুণীদের পাল্টা যুক্তি, নিরাপত্তার চিন্তা থাকলে ক্যামেরা ঘরের ভেতরে না বসিয়ে মূল প্রবেশদ্বারে অনায়াসে বসানো যেত। পড়াশোনা বা সবে চাকরি শুরু করা তরুণী বলেই কি নিজেদের ঘরে ন্যূনতম গোপনীয়তাটুকুও তাঁরা পাবেন না—এই প্রশ্ন তুলে সরব হয়েছেন তাঁরা।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ওই বাড়িওয়ালাকে তীব্র কটাক্ষ করেছেন। আইন বিশেষজ্ঞদের মতে, ভাড়াটিয়াদের স্পষ্ট সম্মতি ছাড়া ঘরের ভেতরে সিসিটিভি বসানো মৌলিক অধিকার ও গোপনীয়তার স্পষ্ট লঙ্ঘন। নেটিজেনদের বড় একটি অংশ ভুক্তভোগী তরুণীদের অবিলম্বে পুলিশের দ্বারস্থ হওয়ার এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *