লিলুয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, দেহ লোপাটের চেষ্টায় গ্রেফতার ২!
বার্তা ডেস্কঃ
September 9, 202611:33 am
হাওড়ার লিলুয়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পিটিয়ে মারার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মারধরের জেরে মৃত্যুর পর নিহতের দেহ অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে প্রমাণ লোপাটের চেষ্টারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে শুভজিৎ পটেল এবং সুমিত পাসয়োন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজকুমার চৌহন (৪৩)। তিনি উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে লিলুয়া থানা সংলগ্ন এলাকার একটি কারখানায় তিনি চুরির উদ্দেশে ঢোকেন বলে অভিযোগ। সেখানে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারাত্মক আঘাতের কারণে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ। পরবর্তীতে পরিস্থিতি খতিয়ে দেখতে যান হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। পুলিশ কমিশনার জানান, খুনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মূল কারণ ও বিস্তারিত তথ্য জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল আনা হচ্ছে। একই সঙ্গে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যার রিপোর্ট হাতে এলেই বিষয়টি পুরোপুরি স্পষ্ট হবে।