আমার পেট, আমার টাকা! কী খাব অন্যে ঠিক করবে কে?

বার্তা ডেস্কঃ

বাংলাদেশে একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের খাবার হিসেবে গরুর মাংস ও ইলিশ মাছের কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন টলিউডের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তবে নেটপাড়ার কটাক্ষ ও হুমকির মুখে পিছিয়ে না গিয়ে সমালোচকদের সোজাসাপ্টা জবাব দিয়েছেন তিনি।

গত ৪ সেপ্টেম্বর এক বোনের জন্মদিনের আমন্ত্রণে বাংলাদেশে যান বিশ্বজিৎ। সেখানে এক সাক্ষাৎকারে দুপুরে মাংস-ভাত খাওয়ার কথা জানান এবং রাতে গরুর মাংস খাওয়ার ইচ্ছ প্রকাশ করেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক। নেটিজেনদের একাংশ তাঁকে কটাক্ষ করে কলকাতায় ফিরলে আক্রমণের হুমকি দেন, এমনকি কেউ কেউ তাঁকে বাংলাদেশে থেকে যাওয়ার পরামর্শও দেন। যদিও অনেক অনুরাগী তাঁর খাদ্য অভ্যাসের স্বাধীনতাকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন।

তবে এসব বিতর্কে বিন্দুমাত্র বিচলিত নন অভিনেতা। পুরো বিষয়টিকে হেসেই উড়িয়ে দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার পেট, আমার মন, আমার হাত আর যে খাবারটা খাব, তার টাকাটাও আমার। সুতরাং আমি কী খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে?”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হুমকি ও কুৎসিত আক্রমণের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন বলেও জানান। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।

১৯৯৩ সালে ‘শূন্য থেকে শুরু’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করা বিশ্বজিৎ চক্রবর্তী ‘ভূতের ভবিষ্যৎ’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’ ও ‘রাজকাহিনি’র মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের কাছে নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *