‘কারোর বিকল্প নই’, দৃশ্যম ৩ ও অক্ষয়ের বিদায় নিয়ে মুখ খুললেন জয়দীপ!
বার্তা ডেস্কঃ
September 10, 20267:33 am
বলিউডের বহুল প্রতীক্ষিত থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার মুক্তির পর থেকেই নতুন চরিত্রদের ঘিরে সরগরম বলিপাড়া। বিশেষ করে ‘দৃশ্যম ২’-এর জনপ্রিয় আইজি তরুণ আহলাতের ভূমিকায় থাকা অক্ষয় খান্নার অনুপস্থিতি এবং তাঁর স্থানে জয়দীপ আহলাতের উপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জয়দীপ।
অভিনেতা জানান, তিনি নিজেকে অক্ষয় খান্নার বিকল্প বা ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে একেবারেই দেখছেন না। পরিচালক অভিষেক পাঠক যখন তাঁকে গল্পটি শোনান, তখন এটি সম্পূর্ণ একটি নতুন চরিত্র হিসেবেই তুলে ধরা হয়েছিল। জয়দীপের কথায়, “আমি অক্ষয় স্যারের জায়গায় আসিনি। চরিত্রটি একদম নতুন, তাই কোনো তুলনামূলক চাপ নেওয়ার প্রশ্নই ওঠে না।” তিনি আরও জানান, নতুন আইজি হিসেবে সালগাঁওকর পরিবার ও মীরার সঙ্গে তাঁর চরিত্রের নতুন মাত্রা তৈরি হবে, যা তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়েই ফুটিয়ে তুলেছেন।
অন্য দিকে, ‘ধুরন্ধর’ ও ‘ছাওয়া’ ছবির সাফল্যের পর অক্ষয় খান্নার ২১ কোটি টাকা পারিশ্রমিক দাবি এবং চুলে কৃত্রিম উইগ পরা নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে মতবিরোধের খবর রটেছিল। প্যানোরামা স্টুডিওসের প্রযোজক কুমার মঙ্গল পাঠক প্রকাশ করেছেন, চিত্রনাট্য শুনে অক্ষয় অত্যন্ত উৎসাহিত থাকলেও শেষ পর্যন্ত লুক ও হেয়ারস্টাইল নিয়েই মূল বিরোধ বাঁধে। পারিশ্রমিকের বিষয়টি একাধিকবার আলোচনার টেবিলে সমাধান হলেও, লুক নিয়ে বিতর্কের পর অক্ষয় যোগাযোগ বন্ধ করে দেওয়ায় প্রযোজনা সংস্থা তাঁকে আইনি নোটিশ পাঠাতে বাধ্য হয়।
স্টার স্টুডিও১৮ এবং প্যানোরামা স্টুডিওসের যৌথ উদ্যোগে নির্মিত ও অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে অজয় দেবগন, তাবু ও শ্রিয়া সরণ তাঁদের চেনা রূপেই ফিরছেন। সেই সঙ্গে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে প্রকাশ রাজ ও জয়দীপ আহলাতকে। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।