ব্যাঙ্ক ম্যানেজার সেজে বিধায়কদের চাকরির টোপ, ফাঁস জালিয়াতদের ভয়াবহ চক্রান্ত!
বার্তা ডেস্কঃ
September 10, 20269:34 am
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার সরাসরি থাবা বসিয়েছে সাইবার অপরাধীরা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ‘সিনিয়র ম্যানেজার’ পরিচয় দিয়ে বিজেপি বিধায়কদের ফোন করে চাকরির লোভ দেখাচ্ছে একদল প্রতারক। ইতিমধ্যেই একাধিক বিধায়ককে নিশানা করে চারজনকে চাকরি দেওয়ার নামে বায়োডাটা হাতানোর চেষ্টা করা হয়েছে। তবে সতর্কতার কারণে বড়সড় প্রতারণার হাত থেকে বেঁচে গিয়েছেন জামালপুরের বিজেপি বিধায়ক অরুণ হালদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জামালপুর বিধানসভার বিজেপি বিধায়ক অরুণ হালদারের ফোনে দু’টি কল আসে। নিজেকে ব্যাঙ্কের ‘সিনিয়র ম্যানেজার’ দাবি করে ফোনকারী ব্যক্তি জানান, বিধায়কের এলাকার বেকার যুবক-যুবতীদের জন্য তিনটি চাকরির সুযোগ রয়েছে, যার মাসিক বেতন ৪৫ হাজার টাকা। এর জন্য উপযুক্ত প্রার্থীদের বায়োডাটা এবং ব্যক্তিগত তথ্য পাঠানোর অনুরোধ করা হয়।
বিষয়টিতে সন্দেহ হওয়ায় বিধায়কের ঘনিষ্ঠ প্রতিনিধি সৌমেন ঘোষ জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই প্রতারণামূলক ফোন কলটি এসেছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে। লখনউয়ের চক থানায় দায়ের হওয়া একটি অন্য মামলার সঙ্গে এই চক্রের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
বিধায়ক অরুণ হালদার জানান, বিধানসভার ভেতরে থাকার সময়ও তিনি অন্য বিধায়কদের কাছে এই ধরনের ফোন আসতে দেখেছেন। এমনকি না বুঝে কয়েকজন বিধায়ক হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠিয়ে ফেলে এখন বিপাকে পড়েছেন। অরুণ হালদার তৎক্ষণাৎ অন্য সহকর্মীদের সতর্ক করেন এবং নিজে প্রতারকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।
শুধু অরুণ হালদারই নন, মেমারির বিধায়ক মানব গুহ এবং ভাতারের বিধায়ক সৌমেন কারফাও জানিয়েছেন যে তাঁদের কাছেও একই ধরনের ফোন এসেছিল। তাঁরাও বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন।
পুলিশ কর্তারা মনে করছেন, এই চক্রের মূল উদ্দেশ্য অত্যন্ত গভীর। বিধায়কদের বিশ্বাস করিয়ে তাঁদের প্যাডে বেকার যুবক-যুবতীদের নাম বা সুপারিশপত্র জোগাড় করাই ছিল মূল ছক। বিধায়কদের প্যাড ব্যবহার করা গেলে চাকরিপ্রার্থীরা সহজেই বিশ্বাস করে ফেলবেন এবং সেই সুযোগে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সহজ হবে। পুলিশ ওই ফোন নম্বরগুলির সূত্র ধরে প্রতারণাচক্রের মূল পান্ডাদের গ্রেফতার করতে তল্লাশি অভিযান শুরু করেছে।