জলপাইগুড়ি জিলা স্কুলে প্রধান শিক্ষকের ওপর হামলা, নড়েচড়ে বসল প্রশাসন!
বার্তা ডেস্কঃ
September 10, 202610:34 am
জলপাইগুড়ি জিলা স্কুলে শিক্ষক দিবসের বিশেষ ভোজ ও মিড-ডে মিলের আয়োজনকে কেন্দ্র করে নজিরবিহীন এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রান্নার ঘরে পড়ুয়াদের উঁকি দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া সামান্য বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারুই কয়েকজন ছাত্রকে মারধর করলে, ক্ষিপ্ত পড়ুয়ারা পাল্টা তাঁকে ঘিরে ধরে বেধড়ক পেটায়। মারধরে প্রধান শিক্ষকের মাথা ফেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই থমথমে পরিবেশ বিরাজ করছে স্কুল চত্বরে।
তদন্ত ও শিক্ষামন্ত্রীর কড়া অবস্থান ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী দীপক বর্মন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট তলব করেছেন এবং আগামী শুক্রবার নিজে জলপাইগুড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন। মন্ত্রীর নির্দেশের পর জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শক সুজিত সরকার স্কুলে গিয়ে তদন্ত শুরু করেন এবং সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শিক্ষক সংগঠনের তীব্র প্রতিবাদ শিক্ষার্থীদের এই হামলার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রধান শিক্ষকদের সংগঠন ‘অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর জেলা সম্পাদিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী জানান, কোনো ত্রুটি থাকলে তা বিচারের আইনি পদ্ধতি রয়েছে, কিন্তু এভাবে ছাত্রদের হামলা চালানো মেনে নেওয়া যায় না। শিক্ষক ও প্রধান শিক্ষকদের নিরাপত্তার দাবি জানিয়ে ইতিমধ্যেই জেলাশাসক, পুলিশ সুপার ও জেলা পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি, সাহুডাঙ্গি পিকে রায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদে অংশ নেন।