কঙ্কালীতলায় পুণ্যার্থীর ঢল, কৌশিকী অমাবস্যায় মহাযজ্ঞের প্রস্তুতি তুঙ্গে!
বার্তা ডেস্কঃ
September 10, 202611:34 am
কঙ্কালীতলা: কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে বীরভূমের ঐতিহ্যবাহী সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। ভোর হতেই কোপাই নদীর তীরে হাজার হাজার পুণ্যার্থী সমবেত হয়েছেন। ৫১ পিঠের এই অন্যতম পুণ্যস্থানে দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই বিশেষ তিথিতে দেবী কঙ্কালেশ্বরীকে ১১ রকমের ভাজা ও মাছের মাথা দিয়ে তৈরি বিশেষ ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জমকালো মহ আরতি এবং মধ্যরাতে আয়োজিত হবে মহাশোধিনী মহাযজ্ঞ। শাস্ত্রীয় ও তন্ত্র সাধনার নিয়ম মেনে গভীর রাতে কঙ্কালীতলা মহাশ্মশানে সাধু-সন্ন্যাসীদের বিশেষ তন্ত্রসাধনা ও মহাযজ্ঞ চলবে, যা দেখার জন্য উৎসুক ভক্তরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন।
উৎসব উপলক্ষে মূল মন্দির এলাকা ও কোপাই নদীর ঘাট রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। চণ্ডীপাঠ, ধূপের সুবাস আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত পুরো মন্দির প্রাঙ্গণ আজ যেন মেলায় পরিণত হয়েছে।
পুণ্যার্থীদের সুরক্ষায় বোলপুর প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো চত্বর সিসিটিভি নজরদারিতে মোড়া হয়েছে এবং কোপাই নদীর ঘাটে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই সতীপীঠে ভক্তদের উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।