এবার নামলে ইতিহাস গড়ব! ডিএ বৈঠকে অনীহায় ফুঁসছেন সরকারি কর্মীরা
বার্তা ডেস্কঃ
September 10, 20267:34 pm
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলা নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনই কাটছে না। আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে সুপ্রিম কোর্ট নির্ধারিত ‘ইন্দু মালহোত্রা মনিটরিং কমিটি’র গুরুত্বপূর্ণ বৈঠকটি হঠাৎই বাতিল করা হল। রাজ্য অর্থ দপ্তরের ল’ সেলের পক্ষ থেকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারি গোপালচন্দ্র পাখিরার সই করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় দিল্লির সিএজি (CAG) অফিসের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকটি বাতিল করা হচ্ছে। পরবর্তীতে নতুন তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এই বিচার বিভাগীয় কমিটির মুখোমুখি হওয়ার কথা ছিল আন্দোলনকারী কর্মচারী সংগঠনগুলির। মামলাটি প্রধানত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যকার দীর্ঘদিনের আইনি লড়াইয়ের (Civil Appeal No. 792-794 of 2026) অংশ।
বৈঠক বাতিলের খবরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে। আন্দোলনকারী নেতা ভাস্কর ঘোষ অসন্তোষ প্রকাশ করে জানান, দিল্লিতে হাই-প্রোফাইল আন্তর্জাতিক কর্মসূচি চলাকালীন এই বৈঠকের দিনক্ষণ ঠিক করা নিয়ে আগেই প্রশ্ন ছিল। তবে বৈঠক পিছিয়ে গেলেও তারা পিছু হটছেন না। গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের বকেয়া মেটানোর প্রক্রিয়ায় টালবাহানা চললে আগামী দিনে ‘নতুন ইতিহাস তৈরি করার মতো’ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বর্তমানে বৈঠক বাতিলের নোটিসে বকেয়া ডিএ সমাধান প্রক্রিয়া ফের অনিশ্চয়তার মুখে পড়ল। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে থাকা এই প্রক্রিয়ার দিকেই নজর রাজ্য সরকারি কর্মচারীদের।