৯/১১-র ২৫ বছরে বড় ধাক্কা, আল-কায়দার ভিডিওতে ফিরল ‘মৃত’ হামজা!
বার্তা ডেস্কঃ
September 12, 20267:33 pm
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ আমেরিকার একাধিক স্থানে আল-কায়দার নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন ২,৯৭৭ জন নিরীহ মানুষ। এই ভয়াবহ ঘটনার ২৫তম বার্ষিকীতে যখন বিশ্বজুড়ে নিহতদের স্মরণ করা হচ্ছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে স্তম্ভিত করে একটি নতুন ভিডিও প্রকাশ করেছে আল-কায়দা।
সংগঠনটির অফিশিয়াল মিডিয়া উইং ‘আস-সিয়হাব’ থেকে প্রকাশিত ৫০ মিনিটের এই ভিডিওটির শিরোনাম রাখা হয়েছে— ‘এ কোয়ার্টার সেঞ্চুরি অফ দ্য ১১ সেপ্টেম্বর রেডস’। তবে ভিডিওর সবচেয়ে চমকপ্রদ দিক হলো ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের উপস্থিতি। ২০১৯ সালে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে এক অভিযানে হামজাকে খতম করা হয়েছে। যদিও সেই সময় তাঁর মৃত্যুর কোনো শক্ত প্রমাণ জনসমক্ষে আনেনি ওয়াশিংটন।
ভিডিওতে হামজাকে একটি ভাঙা মাটির দেয়ালের পাশে ঐতিহ্যবাহী সাদা পাগড়ি পরা অবস্থায় হাতে অ্যাসসল্ট রাইফেল নিয়ে বসে থাকতে দেখা গেছে। আল-কায়দার ইতিহাসে ভিডিও ফরম্যাটে হামজার এমন আত্মপ্রকাশ এটিই প্রথম। ভিডিওটিতে সংগঠনের প্রয়াত প্রধান আয়মান আল-জাওয়াহিরির কিছু অপ্রকাশিত ছবি এবং ২০১৪ সালে করাচি নৌঘাঁটিতে আঞ্চলিক শাখা ‘AQIS’-এর হামলার ফুটেজও যুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান প্রধান সাইফ আল-আদলের নেতৃত্বে আল-কায়দা তাদের দুর্বল হয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে এবং নতুন সদস্য সংগ্রহে ‘বিন লাদেন’ নামের পুরোনো প্রভাবকে ফের কাজে লাগাতে চাইছে।
যখন পেন্টাগনে ৯/১১-র স্মৃতিসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা শ্রদ্ধা নিবেদন করছেন, ঠিক সেই সময়ে ওসামা-পুত্রের এই রহস্যময় উপস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা ও মার্কিন গোয়েন্দাদের নির্ভরযোগ্যতাকে নতুন করে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।