ব্রিকস মঞ্চে মোদীর হুঙ্কার, এবার বিশ্ব বদলে দেওয়ার পালা!
বার্তা ডেস্কঃ
September 13, 20265:33 am
১৮তম ব্রিকস (BRICS) সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকে বিশ্বরাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক ক্ষমতার বিন্যাস পুনর্বিন্যাসের দাবি জানিয়ে তিনি স্পষ্ট জানান, উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলিকে আর কেবল অন্যদের তৈরি নিয়ম মেনে (Rule Taker) চললে চলবে না; বরং বিশ্বব্যবস্থার নিয়ম ও নীতি তৈরির প্রধান কারিগর (Rule Shaper) হতে হবে। ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির সামাজিক ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় ভারত নেতৃত্বের ভূমিকা নিতে সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি বার্তা দেন।
প্রধানমন্ত্রী বর্তমান আন্তর্জাতিক শাসনকাঠামোর সমালোচনা করে একে ‘ক্ষমতা ও বিশেষাধিকারের পিরামিড’ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, বৈশ্বিক এই ব্যবস্থাকে সংস্কার করে সবার সমান ‘অংশীদারিত্বের মঞ্চে’ রূপান্তরিত করার সময় এসেছে। বিশ্ব পরিস্থিতি আজ দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও এই নতুন বাস্তবতার প্রতিফলন থাকা জরুরি।
আন্তর্জাতিক সংস্থাগুলোতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও উন্নয়নশীল দেশগুলির সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন মোদী। BRICS-এর মঞ্চকে কাজে লাগিয়ে ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে আন্তর্জাতিক স্তরে আরও শক্তিশালী করতে চায়। বিশ্ব পরিচালনা আর মাত্র কয়েকটি উন্নত দেশের একচেটিয়া অধিকার হতে পারে না—প্রধানমন্ত্রীর এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের কূটনৈতিক নেতৃত্বকেই আরও সুদৃঢ় করল।