১০০০ টাকার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন সিভিক ভলান্টিয়ার!
বার্তা ডেস্কঃ
September 13, 20269:33 am
১০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার। শনিবার রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার (অ্যান্টি করাপশন ব্যুরো) পাতা ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই সিভিক ভলান্টিয়ার পূর্ব মেদিনীপুরে পুলিশের ইন্টেলিজেন্স শাখার অফিসে কর্মরত ছিলেন। অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ছাড়পত্র পাইয়ে দেওয়ার নামে তিনি ১০০০ টাকা ঘুষ দাবি করেছিলেন। এই অভিযোগ পাওয়ার পরেই দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা একটি বিশেষ ফাঁদ পাতেন এবং ঘুষ নেওয়ার সময় তাঁকে পাকড়াও করেন। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, এই দুর্নীতির সঙ্গে আরও কেউ বা কারা জড়িত থাকতে পারেন। সেই মর্মে বাকিদের খোঁজ শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। লরি আটকে ঘুষ চাওয়ার অভিযোগে পশ্চিম বর্ধমানে পুলিশকর্মীদের সাসপেন্ড হওয়ার ঘটনা কিংবা চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে সরকারি কর্মীর গ্রেফতারির মতো ঘটনাগুলির পর, এই সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারি প্রশাসনিক স্তরে দুর্নীতি দমনের ক্ষেত্রে আরও একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বারবার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।