পুজোর আগেই দারুণ চমক, বিনামূল্যে সোমনাথ দর্শনে পাড়ি দিলেন ১১০০ যাত্রী!
বার্তা ডেস্কঃ
September 13, 20269:33 am
পুজোর আগে রাজ্যবাসীর জন্য বড়সড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রাজ্যের ১১০০ জন ভক্তকে নিয়ে রওনা দিল একটি বিশেষ ট্রেন। সোমনাথ মন্দিরের সহস্রাব্দের ঐতিহ্যকে স্মরণে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে ‘স্বাভিমান পর্ব’, যার অংশ হিসেবেই এই বিশেষ ‘সোমনাথ যাত্রা’র আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে এমন তীর্থযাত্রা এই প্রথম।
শনিবার কলকাতা স্টেশন থেকে ১১০০ জন তীর্থযাত্রীকে নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। এই যাত্রীদের সিংহভাগই প্রবীণ নাগরিক। প্রবীণদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের সঙ্গে একজন করে পরিবারের সদস্যকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের প্রতিটি জেলা থেকে দুই থেকে তিনজন সরকারি আধিকারিকও এই সফরে সঙ্গী হয়েছেন।
তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে আয়োজিত এই তীর্থযাত্রায় চিকিৎসাগত নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ট্রেনের সঙ্গে ৩ জন চিকিৎসক এবং ৪ জন নার্স রয়েছেন। পাশাপাশি প্রায় ৮০ রকমের জীবনদায়ী ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও মজুত রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গ এবং গুজরাটের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক মেলবন্ধন আরও জোরালো করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক আধিকারিক। সোমনাথ মন্দিরের ঐতিহ্যের হাত ধরে দুই রাজ্যের মানুষের দূরত্ব কমানোই এর মূল লক্ষ্য।
তফসিল অনুযায়ী, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তীর্থযাত্রীরা গুজরাটে অবস্থান করবেন। সোমনাথ মন্দির দর্শন সহ নির্ধারিত সমস্ত কর্মসূচি সেরে আগামী ২১ সেপ্টেম্বর তাঁদের কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। যাতায়াত, থাকা, খাওয়া এবং তীর্থযাত্রার যাবতীয় খরচ ও ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব বহন করছে রাজ্য সরকার।