উপনির্বাচনের দামামা বেজে উঠল, বামেদের প্রার্থী ঘোষণায় সরগরম রাজ্য!
বার্তা ডেস্কঃ
September 13, 202611:33 am
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে হতে চলা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। শুক্রবার কংগ্রেসের তালিকা প্রকাশের পর, শনিবার এই দুই কেন্দ্রেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট।
ঘোষিত তালিকা অনুযায়ী, রাজনৈতিকভাবে অত্যন্ত চর্চিত নন্দীগ্রাম আসনে সিপিআই প্রার্থী করেছে শান্তিগোপাল গিরিকে। অন্যদিকে রেজিনগর কেন্দ্রে সিপিআইএমের টিকিটে লড়বেন সৈয়দ আসাদ আলি। এর আগে শুক্রবার কংগ্রেসের তরফে নন্দীগ্রামে মিলন প্রধান এবং রেজিনগরে মহম্মদ আবদুল্লাহিল কাফিকে প্রার্থী করা হয়। কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই দলের ভেতরে অসন্তোষ ও বিক্ষোভের ছবিও সামনে এসেছে।
চলতি বছরের বিধানসভা নির্বাচনে এই দুই আসন থেকে জয়ী প্রার্থীরা ইস্তফা দেওয়ায় উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দেন শুভেন্দু অধিকারী, এবং রেজিনগরের আসনটি ছাড়েন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বাম ও কংগ্রেস প্রার্থীরা ময়দানে নেমে পড়লেও, শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি এখনও পর্যন্ত তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
রাজনৈতিক মহলের মতে, পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তৃণমূলের কাছে এই উপনির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং সমীকরণ বদলের পর, শাসকশিবির কীভাবে প্রার্থী বাছাই করে, সেদিকেই সকলের নজর রয়েছে। অন্যদিকে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ভোটের ফলাফল ঘোষণা করা হবে।