পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর!
বার্তা ডেস্কঃ
September 22, 20269:48 am
পুজোর মাসেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দারুণ খবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম (WBHS) থেকে বয়স বা অন্য শর্তের কারণে বাদ পড়া কর্মচারীদের ছেলে-মেয়েদের জন্য চিকিৎসার ক্ষেত্রে বড় স্বস্তির বার্তা দিয়েছে নবান্ন। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে সরকারের এই বিশেষ সুবিধা।
অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য প্রকল্পে “Non-Pecuniary Beneficiary” নামে একটি সম্পূর্ণ নতুন ক্যাটাগরি চালু করা হচ্ছে। এই ক্যাটাগরির আওতায় স্কিম থেকে নাম বাদ যাওয়া সন্তানরাও রাজ্য সরকারের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে সস্তায় চিকিৎসা করাতে পারবেন।
নতুন নিয়মে কী সুবিধা মিলবে? সাধারণত ২৫ বছর বয়স পার হলে বা ছেলে-মেয়েরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম থেকে তাঁদের নাম বাদ পড়ে যায়। আগে নাম কাটা গেলে দীর্ঘমেয়াদী বা জটিল রোগে ভোগা রোগীদের চড়া বাণিজ্যিক হারে টাকা মিটিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হতো। নয়া নিয়মে নাম নথিভুক্ত থাকলে, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অতিরিক্ত চার্জ বা বাণিজ্যিক রেট নিতে পারবে না। সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত ‘স্বাস্থ্য স্কিম রেট’-েই মিলবে চিকিৎসা।
তবে মাথায় রাখতে হবে এই শর্তগুলি:
- সম্পূর্ণ খরচ নিজেদের: এই সুবিধার আওতায় চিকিৎসার সমস্ত খরচ নিজেদের বহন করতে হবে, সরকার থেকে টাকা রিইম্বার্স (ফেরত) মিলবে না।
- আবেদন প্রক্রিয়া ঐচ্ছিক: এই নয়া ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা পেনশনভোগী স্বউদ্যোগে আবেদন জানালেই কেবল তাঁদের সন্তানদের এই সুবিধার আওতায় আনা হবে।