পুজোর আগেই অ্যাকাউন্টে ২০% ডিএ, পেনশনভোগীদের জন্য সুখবর নাকি অপেক্ষা?
বার্তা ডেস্কঃ
September 22, 202612:27 pm
দুর্গাপুজোর আবহেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে সরকারের ঘোষিত ২০ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা (DA)। শুধু তাই নয়, পুজোর ছুটির আগেই অক্টোবর মাসের বেতন এবং বর্ধিত DA হাতে পেতে চলেছেন কর্মচারীরা। তবে এর সঙ্গেই বড় প্রশ্ন উঠে এসেছে— এই সুবিধা কি পেনশনভোগীরাও পাবেন?
১৫ অক্টোবরের আগেই ঢুকবে টাকা চলতি বছর ১৫ অক্টোবর থেকে সরকারি দপ্তরে দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে। বিগত দিনের নিয়ম মেনেই ছুটির আগে অর্থাৎ আগামী ১৩ বা ১৪ অক্টোবরের মধ্যেই কর্মচারীদের অ্যাকাউন্টে আগাম বেতন জমা পড়ে যাবে। সেই বেতনের সঙ্গেই যুক্ত থাকবে বর্ধিত ২০ শতাংশ ডিএ। শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, বোর্ড ও কর্পোরেশনের আওতাভুক্ত রোপা (ROPA)-র অধীনস্থ সমস্ত কর্মরত কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন।
পেনশনভোগীদের ভাগ্য নিয়ে কী জানা গেল? সাধারণত কর্মরত কর্মচারীরা পুজোর ছুটির আগেই বেতন ও ডিএ পেয়ে থাকেন। কিন্তু পেনশনভোগীদের ক্ষেত্রে বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বড় বার্তা দিয়েছেন।
তিনি জানান, পেনশন মাঝমাসে দেওয়া সম্ভব না হলেও, অন্তত ডিএ-র টাকাটা যেন পেনশনভোগীদের দিয়ে দেওয়া হয়, সেই মর্মে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। মলয়বাবু বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, পেনশনহোল্ডারদের ডিএ-র যে টাকাটা বকেয়া হবে, পুজো উপলক্ষে অন্তত সেই অংশটুকু যাতে সহজভাবে তাঁদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়।”
ফলে কর্মরত কর্মচারীরা যে অক্টোবরের শুরুতেই পুজোর আগাম বোনাস-স্বরূপ বর্ধিত বেতনের মুখ দেখতে চলেছেন তা নিশ্চিত। এখন দেখার, সরকারের তরফে পেনশনভোগীদের জন্য শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়।