১৯ জন জিতেও হাতছাড়া পঞ্চায়েত, বনগাঁয় অবিশ্বাস্য চমকে ক্ষমতা দখল বিজেপির!
বার্তা ডেস্কঃ
September 22, 202612:38 pm
বনগাঁ: সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বোর্ড রক্ষা করতে পারল না শাসকদল। বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ঘটল এক চমকপ্রদ রাজনৈতিক উলটপুরাণ। ৩০টি আসনের মধ্যে ১৯টিতে জিতেও অনুপস্থিতির মাশুল গুনতে হলো তৃণমূল কংগ্রেসকে। আর সেই সুযোগেই ১১ জন সদস্যকে সাথে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের ক্ষমতা নিজেদের দখলে নিল বিজেপি।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে আকাইপুরের ৩০টি আসনের মধ্যে ১৯টিতে জিতেছিল তৃণমূল এবং ১১টিতে জয় পায় বিজেপি। নিয়মানুযায়ী এতদিন তৃণমূলের পরিচালনাতেই চলছিল বোর্ড। কিন্তু সময়ের সাথে সাথে স্থানীয় শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল ও মতবিরোধ চরম রূপ নেয়। পদত্যাগ করেন তৎকালীন প্রধানসহ বেশ কয়েকজন সদস্য। প্রধানের পদ খালি হয়ে পড়ায় সোমবার নতুন বোর্ড গঠনের জন্য বিশেষ সভা ডাকে বনগাঁ ব্লক প্রশাসন।
সোমবারের সভাতেই সামনে আসে চরম নাটকীয় চিত্র। নির্দিষ্ট সময়ে বিজেপির ১১ জন সদস্য সভায় উপস্থিত হলেও তৃণমূলের কোনো সদস্যকেই দেখা যায়নি। ফলে ভোটাভুটির আর প্রয়োজনই হয়নি। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নতুন বোর্ড গঠন করে বিজেপি। নবগঠিত পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন ঝুমা দাস এবং উপপ্রধানের দায়িত্ব পান সুদীপ বিশ্বাস।
দায়িত্ব নেওয়ার পর নতুন প্রধান ঝুমা দাস জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার আটকে থাকা কাজগুলো দ্রুত শেষ করাই তাঁদের মূল লক্ষ্য। বিশেষ করে নিকাশি ব্যবস্থা, পানীয় জল এবং গ্রামের রাস্তার সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কেন শাসকদলের সব সদস্য এই গুরুত্বপূর্ণ সভা এড়িয়ে গেলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বনগাঁ ব্লকের রাজনীতিতে এই পরিবর্তনকে এক বিরাট মোড় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।