জলপাইগুড়ির স্কুলে মিড-ডে মিলে এলাহি বিরিয়ানি!
বার্তা ডেস্কঃ
September 22, 20262:00 pm
একঘেয়ে ডিম আর সয়াবিনের ঝোল বাদ দিয়ে এবার মিড-ডে মিলেই পাতে পড়ল ধোঁয়া ওঠা সুস্বাদু চিকেন বিরিয়ানি! জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাইমারি স্কুলের এমন অভূতপূর্ব উদ্যোগ এখন নেটদুনিয়ায় তুমুল চর্চার কেন্দ্রে। ‘পিএম পোষণ’ (PM POSHAN) প্রকল্পের আওতায় স্কুলের মোট ১৮৪ জন খুদে পড়ুয়ার মুখে হাসি ফোটাতে এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বেশ কিছুদিন ধরেই ছোট ছোট ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছে মিষ্টি আবদার জানাচ্ছিল, “স্যার, একদিন বিরিয়ানি খাব!” খুদেদের এই সহজ-সরল ইচ্ছেকে ফিরিয়ে দিতে পারেননি স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক জয় বসাক এবং সহ-শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় স্কুলেই তৈরি হয় এলাহি বিরিয়ানি।
টিফিনের বেল বাজতেই পাতে প্রিয় খাবার দেখে উল্লাসে মেতে ওঠে খুদে পড়ুয়ারা। আনন্দে আত্মহারা শিশুদের সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ছড়িয়ে পড়ে মুহূর্তে। সাধারণ একটি সরকারি স্কুলের এই মানবিক ও অভিনব ভাবনার প্রশংসায় পঞ্চমুখ সব মহল।