বাগেশ্বর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, ‘টুকরে-টুকরে গ্যাং’-কে দিলেন কড়া বার্তা!
বার্তা ডেস্কঃ
September 28, 202611:50 am
রাজ্যে সাধু-সন্তদের অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না— কলকাতায় আয়োজিত এক গীতা পাঠের অনুষ্ঠান থেকে এভাবেই হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যবাসীকে নির্ভয়ে ধর্মচর্চা ও গীতা পাঠ করার বার্তা দেন তিনি।
সম্প্রতি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে ‘বাগেশ্বর বাবা’-র বাংলা সফর এবং তাঁর কিছু মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বাঙালিদের খাদ্যাভ্যাস ও দুর্গাপুজো নিয়ে মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন কংগ্রেস নেতা মানস সরকার। অন্যদিকে, বামপন্থীরাও বাগেশ্বর বাবার বিরুদ্ধে সরব হয়ে কুশপুতুল দাহ করে।
রবিবার বাঙুর জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, তিনি কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন সনাতনী হিসেবে এই মঞ্চে এসেছেন। বাম ও বিরোধী শিবিরের প্রতি তোপ দেগে তিনি বলেন, “নিজের ধর্ম প্রচার করতে আসা বাগেশ্বর বাবার কুশপুতুল পোড়ানো হয়েছিল। আমি বিধানসভাতেই বলেছিলাম এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ‘টুকরে-টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে সঠিক সময়ে পদক্ষেপ করা হবে।”
সাধারণ মানুষকে সাহস দিয়ে তিনি আরও বলেন, “আপনারা বিনা দ্বিধায় গীতা পাঠ করুন। সময় ও পরিস্থিতি এখন বদলেছে, ভয়ের কোনো কারণ নেই।”
এদিনের অনুষ্ঠান থেকে এক বিশাল ধর্মীয় আয়োজনের ঘোষণা করেন বিরোধী দলনেতা। আগামী ২৯ ডিসেম্বর রাজ্যে একটি ঐতিহাসিক গীতাপাঠের আসর বসতে চলেছে, যেখানে প্রায় ১০ লক্ষ মানুষ একসাথে গীতা পাঠ করবেন। এই মহা-আয়োজনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত উপস্থিত থাকবেন বলেও জানান শুভেন্দু অধিকারী।