কলকাতার নামী হোটেলের নাইটক্লাবে তরুণীকে হেনস্থা, গ্রেফতার মূল অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
September 28, 202611:52 am
কলকাতা: শহর কলকাতার এক নামী হোটেলের নাইটক্লাবে এক তরুণীকে আটকে রেখে হেনস্থা, অশালীন আচরণ এবং মারধরের অভিযোগ ঘিরে তোলপাড় এলাকা। ইএম বাইপাস সংলগ্ন ওই বিলাসবহুল হোটেলের রবিবারের এই ঘটনায় ব্যাপক অসন্তোষ ও চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খিদিরপুর থেকে এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ২৭ সেপ্টেম্বর ভোররাতে ২০ বছর বয়সি এক তরুণী তাঁর ৬-৮ জনের একটি দলের সঙ্গে ইএম বাইপাস সংলগ্ন ওই অভিজাত হোটেলে যান। নাইটক্লাবের ভেতরে থাকাকালীন অভিযুক্ত যুবক ও তার সহযোগীরা তরুণীকে জোরপূর্বক আটকে রেখে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তরুণী প্রতিবাদ জানালে তাঁকে শারীরিক নির্যাতন, মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
ঘটনার খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে প্রগতি ময়দান থানার পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। এরপর তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বেআইনিভাবে আটকে রাখা, শ্লীলতাহানি, গুরুতর আঘাত এবং অপরাধে সহযোগিতার মতো একাধিক কড়া ধারায় মামলা দায়ের করে।
তদন্তে নেমে প্রগতি ময়দান থানার পুলিশ খিদিরপুরের বাসিন্দা ২৪ বছর বয়সি মহম্মদ আজিম নামের এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনার সময় বাকি সহযোগীদের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি অপরাধের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্যপ্রমাণ তুলে আনতে ওই বিলাসবহুল হোটেলের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।