উপনির্বাচন নিয়ে বড় ধাক্কা, জরুরি শুনানি খারিজ প্রধান বিচারপতির!
বার্তা ডেস্কঃ
September 28, 202612:35 pm
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং ১৮ হাজারেরও বেশি ভোটারের ঝুলন্ত আপিল মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এই ভোটের আগেই মামলার জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল আবেদনকারী পক্ষ। সোমবার সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত।
ফলত, পূর্ব নির্ধারিত সূচি মেনেই আগামী ৫ অক্টোবর শীর্ষ আদালতে উঠবে এই বহুল আলোচিত মামলাটি।
আদালতে আবেদনকারীদের আইনজীবীরা জোরালো সওয়াল করে জানান, প্রশাসনিক আপিল কর্তৃপক্ষের টেবিলে এখনও ১৮ হাজারেরও বেশি ভোটারের আবেদন আটকে রয়েছে। উপনির্বাচনের আগে এই জটিলতার অবসান না হলে, বহু নাগরিক পরপর দু’বার তাঁদের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার—ভোটদান থেকে বঞ্চিত হবেন। এই যুক্তিতেই ৬ অক্টোবরের আগেই মামলাটি নিষ্পত্তির অনুরোধ জানানো হয়।
তবে মামলাকারীদের এই আর্জিতে একেবারেই সায় দেয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। সওয়াল চলাকালীন প্রধান বিচারপতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, “এগুলি নেহাতই উপনির্বাচন, এর চেয়ে বেশি কিছু নয়।”
শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের পর আর শুনানির দিন এগিয়ে আনা সম্ভব হয়নি। আইনজ্ঞদের একাংশের মতে, নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ ৫ অক্টোবর শুনানি ধার্য হওয়ায় নন্দীগ্রাম ও রেজিনগরের হাজার হাজার ভোটারের ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হলো।