অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার, হাইকোর্টে মিলল বড় আপডেট!
বার্তা ডেস্কঃ
September 28, 202612:40 pm
কলকাতা: বিধানসভা নির্বাচনের পর জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়ার পর থেকেই একাধিকবার হামলার মুখে পড়তে হয়েছে—এই বিস্ফোরক অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের নিরাপত্তা ফেরানোর আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
সোমবার কলকাতা হাইকোর্টে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বিষয়টি উত্থাপন করে জরুরি শুনানির আর্জি জানান। যদিও আদালত তৎক্ষণাৎ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেনি, তবে বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে।
‘জেড প্লাস তুলে নিয়ে রাখা হয়েছে শুধু হাউস গার্ড’ আদালতে সওয়াল করার সময় অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে পর্যন্ত তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর নতুন সরকার সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। বর্তমানে কেন্দ্রীয় বা রাজ্য স্তরের কোনো বিশেষ নিরাপত্তা বলয় তাঁর সঙ্গে নেই; নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র কয়েকজন হাউস গার্ড।
বারংবার আক্রমণের অভিযোগ আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে দাবি করেন, জেড প্লাস সিকিউরিটি তুলে নেওয়ার পর থেকে বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর জীবন ও নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছে। বিরোধী দলের একজন শীর্ষনেতার নিরাপত্তা এভাবে হঠাৎ কেন তুলে নেওয়া হলো, সেই প্রশ্ন তুলে আদালতের কাছে নিরাপত্তা পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
জরুরি ভিত্তিতে বিষয়টি শোনার জন্য আবেদন জানানো হলেও আদালত ৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য, এর আগেও একাধিক আইনি বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। গত আগস্ট মাসেই তাঁর বিরুদ্ধে থাকা তিনটি এফআইআর সংক্রান্ত মামলায় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কোনো কঠোর আইনি পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।