২ অক্টোবর কি বন্ধ হয়ে যাবে ডিজিটাল পেমেন্ট? জেনে নিন বিস্তারিত!
বার্তা ডেস্কঃ
September 28, 202612:05 pm
ডিজিটাল পেমেন্টের যুগে আচমকাই বড়সড় বিপাকের মুখে পড়তে চলেছেন দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ইউপিআই (UPI) লেনদেনের ওপর নতুন করে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা অতিরিক্ত চার্জ বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন (AIMRA)। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আগামী ২ অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিনে দেশজুড়ে ‘নো ইউপিআই ডে’ (No UPI Day) পালনের ডাক দিয়েছে সংগঠনটি।
কেন এই প্রতিবাদের ডাক? সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ ফি বা MDR চার্জ প্রযোজ্য হতে চলেছে। যদিও ব্যক্তি-টু-ব্যক্তি (P2P) এবং ছোট অঙ্কের কেনাকাটায় এই নিয়ম কার্যকর হবে না, তবুও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর এর মারাত্মক প্রভাব পড়তে চলেছে।
প্রতিবাদের রূপরেখা জানিয়ে AIMRA-র ভাইস প্রেসিডেন্ট ও দিল্লি-এনসিআর প্রধান তারবিন্দর সিং জানান, আগামী ২ অক্টোবর দেশের সমস্ত মোবাইল বিক্রেতারা তাঁদের দোকানের ইউপিআই QR কোড কালো কাপড়ে ঢেকে রাখবেন এবং সেদিন কোনো ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা হবে না।
ব্যবসায়ীদের ওপর বিরাট আর্থিক আঘাত: অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পাঠানো এক স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব খুচরা বিক্রেতা মাসে ৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ডিজিটাল লেনদেন করেন, তাঁদের প্রতি মাসে সরাসরি ২,০০০ থেকে ১২,০০০ টাকার লোকসান হবে। সার্বিকভাবে, কেবল মোবাইল বিক্রির খাতেই ব্যবসায়ীদের প্রতি মাসে প্রায় ৪০ কোটি এবং বছরে ৫০০ কোটি টাকার অতিরিক্ত মাশুল গুণতে হবে, যা ছোট ব্যবসার অস্তিত্ব সঙ্কটে ফেলতে পারে।
দাবি একটাই — ‘জিরো এমডিআর’: ব্যবসায়ী সংগঠনের স্পষ্ট বার্তা, এই আন্দোলন ‘ডিজিটাল ইন্ডিয়া’ বা ইউপিআই ব্যবস্থার বিরুদ্ধে নয়। তবে দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার লক্ষ্যে ইউপিআই লেনদেনে সব সময় ‘জিরো এমডিআর’ (Zero MDR) বজায় রাখা উচিত। এখন দেখার, এই আন্দোলনের মুখে দাঁড়িয়ে কেন্দ্র সরকার নতুন এই ফি প্রত্যাহার করে কি না।