স্বামীজির অবমাননায় উত্তাল ক্যাম্পাস, কড়া বার্তা শিক্ষামন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
September 28, 20266:52 pm
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত কলকাতার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। ক্যাম্পাসে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।
অভিযোগ উঠেছে, গণ্ডগোলের মাঝে দেশের মহান মনীষী স্বামী বিবেকানন্দের ছবি ও প্রতিকৃতি লাথি মেরে অবমাননা করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে।
ঘটনার চরম নিন্দা জানিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের হিংসা কিংবা বাঙালি মনীষীদের অবমাননা মেনে নেওয়া হবে না।”
পুলিশ সূত্রে খবর, মারধর ও ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই একাধিক লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে পুরো ক্যাম্পাস জুড়ে চরম থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে এবং পরিচয়পত্র (ID Card) পরীক্ষা ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার শিক্ষাঙ্গনের রাজনীতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর সবার।