মনীষীদের ছবিতে লাথি! ক্ষোভে ফুঁসছেন উচ্চশিক্ষামন্ত্রী
বার্তা ডেস্কঃ
September 28, 20267:00 pm
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) ঘটে গেল চরম অশান্তি। রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (ABGP) একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। দুপুর থেকে শুরু হওয়া বচসা ও ধস্তাধস্তি গড়ায় সন্ধ্যা পর্যন্ত। এই ঘটনায় সোমবার কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
শিক্ষাঙ্গনে যেকোনো প্রকার হিংসার তীব্র নিন্দা করে মন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।” এর পরেই ক্ষোভ উগরে দিয়ে তিনি মন্তব্য করেন, “ঘটনায় বাঙালি মনীষী ও ভারতমাতার ছবিতে পদাঘাত করার মতো গুরুতর বিষয় নজরে এসেছে। এতেই বোঝা যাচ্ছে আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। শিক্ষাঙ্গনে এই কুসংস্কৃতি আমরা বরদাস্ত করব না, এটা বদলাতেই হবে।” তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষী কাউকে রেয়াত করা হবে না।
উল্লেখ্য, রবিবার সেমিনার হলের বাইরে একদল ছাত্রছাত্রীর বিক্ষোভ ও স্লোগানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধস্তাধস্তির পাশাপাশি গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগও উঠেছে। এই ঘটনায় পঞ্চসায়র থানায় মোট তিনটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার পর সোমবারও এসআরএফটিআই চত্বরে ছিল কড়া নিরাপত্তা ও থমথমে পরিবেশ। আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসে বাইরের কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পরও পরিস্থিতি নিয়ে বিতর্ক ও রাজনৈতিক তরজা থামেনি।