৩০ হাজার বনাম ৭ হাজার! রাস্তায় শুয়ে আইসিটি শিক্ষকদের নজিরবিহীন বিক্ষোভ!
বার্তা ডেস্কঃ
September 28, 20267:15 pm
সমকাজে সমবেতনের দাবি এবং চাকরি স্থায়ী করার দাবিতে ফের রাজপথে নামলেন রাজ্যের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। সোমবার করুণাময়ী চত্বরে আইসিটি (ICT) ঐক্যমঞ্চের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাঁদের মূল দাবি— ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকদের অবিলম্বে সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে পুনর্বহাল করতে হবে এবং তীব্র বেতন বৈষম্য দূর করতে হবে।
রাস্তায় শুয়ে নজিরবিহীন প্রতিবাদ এদিন হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে আন্দোলনকারী শিক্ষকরা বিকাশভবনের অভিমুখে রওনা দিলে করুণাময়ী মেট্রো স্টেশনের কাছেই বিশাল পুলিশ বাহিনী তাঁদের পথ আটকায়। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই উভয় পক্ষের মধ্যে চরম ধস্তাধস্তি শুরু হয়। এরপর পুলিশ আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করলে তারা রাস্তাতেই শুয়ে পড়ে প্রতিবাদ জানান। এই নজিরবিহীন বিক্ষোভে গোটা করুণাময়ী এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
“আমরা কেন মাত্র ৭ হাজার পাব?” ক্ষোভে ফুটছেন শিক্ষকরা আন্দোলনকারীদের প্রধান ক্ষোভ বেতন বৈষম্য নিয়ে। তাঁদের দাবি, প্রথম থেকে পঞ্চম ফেজ পর্যন্ত যে শিক্ষকরা কাজ করছেন, তাঁরা প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতনের পাশাপাশি সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন। অথচ একই কাজ করেও ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকরা পাচ্ছেন মাত্র ৬৮০০ থেকে ৭০০০ টাকা!
এক ক্ষুব্ধ শিক্ষক বলেন, “প্রতিদিন শুধু যাতায়াতেই ১৫০-২০০ টাকা খরচ হয়ে যায়। এই সামান্য টাকায় বর্তমান দিনে সংসার চালানো আসাম্ভব! আমাদের একটাই কথা— আগের ফেজের নিয়ম মেনেই আমাদের চাকরি সরকারিকরণ করতে হবে।”
স্থবির ইন্টারভিউ প্রক্রিয়া, বন্ধ স্কুলে যাওয়া শিক্ষকরা আরও জানান, গত বছর এই সময়েই তাঁদের ইন্টারভিউ শুরু হয়ে চলছিল। কিন্তু মে মাসের পর থেকে হঠাতই সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। ফলে ইন্টারভিউ স্থগিত থাকায় তাঁদের নতুন করে স্কুলে পাঠানোও হচ্ছে না। দ্রুত বন্ধ হয়ে থাকা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে স্কুলে ফেরানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকাটিতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।