নেতাদের মুকুট পরায় নিষেধাজ্ঞা, বিজেপি আনল কড়া নির্দেশ!
বার্তা ডেস্কঃ
September 29, 20269:10 am
দলীয় রাজনীতিতে স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি (BJP)। রাজকীয় সোনা বা রুপোর মুকুট কিংবা অন্যান্য মূল্যবান উপহার নেওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল দলীয় হাইকমান্ড। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাধারণ জীবনযাত্রা ও জনজীবনে সততা বজায় রাখতে এই কড়া নিয়ম মানতেই হবে।
দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকদের বৈঠকে এই নতুন বার্তা দেওয়া হয়। সামনেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন ঘিরে টিকিটপ্রত্যাশী বা অনুগামীরা প্রবীণ নেতাদের বহুমূল্য উপহার দেন—যা নিচুতলার কর্মী ও সাধারণ মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই কেউ সোনা-রুপোর উপহার দিতে এলেও অত্যন্ত বিনম্রভাবে তা প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সম্প্রতি বাংলা সফরে এসেও রাজ্যের সাংসদ, জেলা নেতৃত্ব ও বিভিন্ন সেলের সঙ্গে বৈঠকে সাংগঠনিক পর্যালোচনার পাশাপাশি এই বার্তা পৌঁছে দিয়েছেন বিজেপি সভাপতি নিতিন নবীন। নেতাদের আচরণ ও জীবনযাত্রা যাতে দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করে, সেই লক্ষ্যেই বিজেপির এই বিশেষ নির্দেশ।