পুজোয় খুশির খবর, রেলে চালু হচ্ছে ২৯টি নতুন স্পেশাল ট্রেন!
বার্তা ডেস্কঃ
September 29, 202612:20 pm
কলকাতা: দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর দিনে বাড়ির বাইরে যাওয়া কিংবা দূরপাল্লার ভ্রমণের জন্য যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। যাত্রী স্বাচ্ছন্দ্য ও যাতায়াত সুগম করতে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে ২৯টি ‘উৎসব স্পেশাল ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডক্টর উদয়ন শঙ্কর ঝা জানিয়েছেন, উৎসবের এই দিনগুলিতে আপ ও ডাউন মিলিয়ে ২৯টি বিশেষ ট্রেন মোট ৫৯৮টি ট্রিপ দেবে। এর মধ্যে আপ লাইনে ২৯৯টি এবং ডাউন লাইনে ২৯৯টি ট্রিপ অন্তর্ভুক্ত রয়েছে।
যেসব রুটে মিলবে এই বিশেষ পরিষেবা: হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশনের পাশাপাশি আসানসোল, মালদা টাউন এবং ভাগলপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তের জন্য এই ট্রেনগুলি চালানো হবে। বিশেষ করে— নিউ জলপাইগুড়ি, পাটনা, গোরখপুর, রক্সৌল, বারাণসী, দিল্লি ও অমৃতসর-এর মতো জনপ্রিয় ও ব্যস্ত রুটে এই অতিরিক্ত পরিষেবা চালু করা হচ্ছে।
কবে থেকে শুরু পরিষেবা? রেল সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলি পরিষেবা চালু থাকবে। তবে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর— উৎসবের মূল সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।