নন্দীগ্রামে মমতা এলে লাভ বিজেপিরই, বিস্ফোরক দাবি!
বার্তা ডেস্কঃ
September 29, 20266:10 pm
হাইকোর্টে বড় ধাক্কা খেল কংগ্রেস। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে দায়ের হওয়া হলফনামা সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আইনি বাধা কাটতেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন বিজেপি প্রার্থী। মামলা খারিজের পর নন্দীগ্রামে প্রচারে নেমে প্রতিপক্ষকে একহাত নেওয়ার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ হানলেন তিনি।
আদালতে কেন গড়িয়েছিল মামলা? হাসিরানি রথের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় ভুল তথ্য রয়েছে—এই অভিযোগে সরব হয়েছিলেন এক কংগ্রেস নেতা। অভিযোগ তোলা হয়েছিল, প্রার্থী জন্মসাল ১৯৬৬ উল্লেখ করলেও মাধ্যমিক পাসের বছর লেখা ছিল ১৯৬৫। তবে শুনানির পর বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ কংগ্রেসের সেই আবেদন আবেদনযোগ্য নয় বলে খারিজ করে দেন। ফলে নন্দীগ্রামের উপনির্বাচনে পদ্মফুলের টিকিটে লড়তে আর কোনও আইনি বাধা রইল না হাসিরানির।
আদালতের রায় ও মমতাকে তীক্ষ্ণ কটাক্ষ: আইনি জয়ের পর নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার মনোহরপুর, আমড়াতলা ও পাথুরিয়ায় জোড়কদমে প্রচারে বের হন হাসিরানি। মামলা খারিজের বিষয়ে শান্ত গলায় বলেন, “কংগ্রেস যা ভালো মনে করেছিল মামলা করেছিল, আদালত তা গ্রহণযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছে। আইন আইনের পথেই চলবে।”
তবে নন্দীগ্রামে তৃণমূলের তরফ থেকে কংগ্রেসকে সমর্থন করা নিয়ে তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হাসিরানির সাফ কথা, “নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে প্রচার করেন, তবে আমাদের জয়ের ব্যবধান আরও বাড়বে। আমরা যত ভোটে জিততাম, তার চেয়েও বেশি ভোটে জয়ী হব।”
নন্দীগ্রামের হাই-ভোল্টেজ আবহ: উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে নন্দীগ্রামের এই গুরুত্বপূর্ণ উপনির্বাচন। বিজেপি এখানে প্রার্থী করেছে দলীয় নেতা শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রায়ের মা হাসিরানি রথকে। আইনি জটিলতা কেটে যাওয়ায় এখন পুরোপুরি নির্বাচনী ময়দানে মেতে উঠেছে নন্দীগ্রাম।