ইএসআই হাসপাতালে আসছে বড় বদল, উন্নত স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত!
বার্তা ডেস্কঃ
September 30, 20261:28 pm
রাজ্যের লক্ষ লক্ষ কর্মজীবী মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে এবং হাসপাতাল পরিচালনায় গতি আনতে বড় পদক্কেপ নিচ্ছে রাজ্য সরকার। এবার থেকে আনুষ্ঠানিকভাবে গঠিত হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ এমপ্লয়িজ় স্টেট ইনশিওরেন্স সোসাইটি’। এমপ্লয়িজ় স্টেট ইনশিওরেন্স অ্যাক্ট, ১৯৪৮-এর ৫৮(৫) নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি রাজ্য শ্রম দপ্তরের তরফ থেকে এই সংক্রান্ত মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন (MoA) এবং যাবতীয় নিয়মাবলি অনুমোদনের জন্য নয়াদিল্লির ইএসআইসি (ESIC) ডিরেক্টর জেনারেলের কাছে পাঠানো হয়েছে।
কী কী সুবিধা হবে এই সোসাইটি তৈরি হলে?
- বাড়বে বরাদ্দ: নতুন এই ব্যবস্থার ফলে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ একধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে।
- কমবে প্রশাসনিক জটিলতা: নথিপত্র এবং প্রশাসনিক কাজের লালফিতের ফাঁস কমে কাজের গতি বাড়বে।
- পরিষেবার মানোন্নয়ন: রাজ্যের অধীনস্থ সমস্ত ইএসআই হাসপাতাল, ডিসপেনসারি, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের পরিচালনা এবার সরাসরি সোসাইটির নিয়ন্ত্রণে থাকবে।
- অবকাঠামোর দেখভাল: হাসপাতালের ক্যান্টিন, কিচেন এবং আবাসনগুলির সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে এই সোসাইটি।
- প্রযুক্তির ব্যবহার ও দ্রুত পরিষেবা: আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় নতুন শিল্প ও সেখানকার শ্রমিকদের খুব সহজেই ইএসআই স্কিমের আওতায় আনা সম্ভব হবে।
এর পাশাপাশি হাসপাতালে কাজের স্বচ্ছতা বজায় রাখতে এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শক্তিশালী ‘গ্রিভান্স রিড্রেসাল মেকানিজ়ম’ ও সুনির্দিষ্ট নিয়মাবলি চালু করা হবে।
কীভাবে চলবে তহবিল ও পরিচালনা? এই সোসাইটির আয়ের মূল উৎস হবে ইএসআইসি ও রাজ্য-কেন্দ্রের অনুদান। এ ছাড়াও বিভিন্ন শিল্পসংস্থার দান, স্থাবর সম্পত্তির লভ্যাংশ এবং ব্যাংকের সুদ থেকে অর্থ আসবে।
পরিচালনা পর্ষদের শীর্ষে থাকবেন রাজ্যের মুখ্যসচিব (চেয়ারম্যান)। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন শ্রম দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বা প্রধান সচিব। ইএসআই স্কিমের ডিরেক্টর হবেন মেম্বার সেক্রেটারি। কাজ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে পরিচালন সমিতিতে নিয়োগকর্তা এবং শ্রমিক প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।