হুড়মুড়িয়ে নামল পারদ, তবে কি এবার সময়ের আগেই শীত!
বার্তা ডেস্কঃ
সেপ্টেম্বর ফুরানোর আগেই দেশের বিভিন্ন রাজ্যে একধাক্কায় কমেছে তাপমাত্রা। টানা বৃষ্টি ও মেঘলা আকাশের জেরে দিল্লিতে পারদ নেমেছে ২১ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ২৫ বছরে সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বনিম্ন। হঠাৎ এই ঠান্ডা হাওয়ায় অনেকেই ভাবছেন, হয়তো সময়ের আগেই দেশে শীত কড়া নাড়ছে। এর পেছনে এল নিনোর প্রভাব রয়েছে বলেও জল্পনা ছড়ায়। তবে আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, এই পারদ পতনের সঙ্গে এল নিনোর সরাসরি কোনও সম্পর্ক নেই। মূলত মৌসুমী বায়ুর বিদায়বেলায় তৈরি হওয়া পরিস্থিতি ও টানা বৃষ্টির জন্যই এই সাময়িক শীতের আমেজ তৈরি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই ঠান্ডা একেবারেই সাময়িক। আগামী কয়েকদিনের মধ্যে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আকাশ পরিষ্কার হয়ে ফের রোদ ও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখনই শীত আসছে না। অন্যদিকে, মায়ানমারের কাছে তৈরি হওয়া একটি নতুন নিম্নচাপ ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এটি আরও ঘনীভূত হলে আগামী দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের বৃষ্টি ও মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে।