২০ কোটির বকেয়া আদায়ে পথে পুরসভা, ট্যাক্স না দিলে এবার কড়া পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

বর্ধমান: পুজোর মুখে চরম আর্থিক সংকটে বর্ধমান পুরসভা। বকেয়া পুরকরের পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় এবার আর হাত গুটিয়ে বসে থাকলেন না পুর কর্তৃপক্ষ। বকেয়া কর আদায়ে আধিকারিকদের সঙ্গে নিয়ে সরাসরি রাস্তায় নামলেন পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার।

তহবিল শূন্য, বিপাকে পুরকর্মীরা ক্রমান্বয়ে বাড়তে থাকা খরচের তুলনায় পুর তহবিলের হাল এখন ভাঁড়ে মা ভবানী। বছরের পর বছর কর না মেটানোর ফলে পুজোর মুখে পুরকর্মীদের বোনাস এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। স্তব্ধ হতে বসেছে শহরের রাস্তাঘাট সংস্কার, আলো ও সাফাইয়ের মতো জরুরি পরিষেবাও।

তালিকায় একাধিক সরকারি দপ্তরও! শুধু শহরের বড় এবং নামী ব্যবসায়ীরাই নন, কর বাকি রেখে বসে রয়েছে একাধিক সরকারি দপ্তরও। তালিকায় রয়েছে:

  • জেলাশাসকের কার্যালয়
  • পুলিশ সুপারের অফিস
  • পিডব্লিউডি (PWD)
  • বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
  • ইলেকট্রিক অফিস ও বিশ্ববিদ্যালয়

মহালয়ার ডেডলাইন ও কড়া হুঁশিয়ারি এর আগে একাধিকবার নোটিস দেওয়া সত্ত্বেও কাজ না হওয়ায় বুধবার থেকে শহরের একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে হানা দেয় পুরসভা। চেয়ারম্যান পরেশ সরকার স্পষ্ট জানিয়ে দেন, “সারাবছর কাজ করে কর্মীরা নায্য পাওনা পাবেন না, এটা হতে পারে না। পরিষেবা নেবেন অথচ ট্যাক্স দেবেন না—তা চলবে না।”

পুরসভার তরফে সাফ জানানো হয়েছে, মহালয়ার আগেই সমস্ত বকেয়া কর মিটিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কর জমা না দিলে পুর আইন অনুযায়ী দোকান বন্ধ করে দেওয়া এবং সম্পত্তি ক্রোক করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *