রাস্তার বেহাল দশা ও তীব্র যানজট, বিরক্ত হয়ে ইস্তফা দিলেন প্রাক্তন বিচারপতি!

বার্তা ডেস্কঃ

কলকাতার খানাখন্দে ভরা বেহাল রাস্তা ও দীর্ঘ যানজটের ভোগান্তিতে অত্যন্ত বিরক্ত হয়ে এসআইআর (SIR) ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। সল্টলেকের বাসিন্দা এই প্রাক্তন বিচারপতি বর্তমানে জোঁকায় অবস্থিত ট্রাইব্যুনাল সেন্টারে কর্মরত ছিলেন। কিন্তু দীর্ঘ দূরত্বের পাশাপাশি রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন যাতায়াত করতেই আড়াই ঘণ্টার বেশি সময় কেটে যেত। ট্রাফিকের এই চরম ভোগান্তির কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, সল্টলেকে বসে কাজের সুযোগ দেওয়া হলে তিনি পুনরায় ভেবে দেখতে পারেন। সূত্র অনুযায়ী, আগামী ২ নভেম্বর থেকে তাঁর এই ইস্তফা কার্যকর হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে প্রায় ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি বিভিন্ন ট্রাইব্যুনালে কাজ পরিচালনা করছেন। এর আগে নানা অসুবিধার কথা তুলে ধরে প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সহ একাধিক বিচারপতি পদত্যাগ করেছিলেন। পরপর অভিজ্ঞ বিচারপতিদের এভাবে সরে দাঁড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া কতটা দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হবে, তা নিয়ে প্রশাসনিক মহলে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *