মহুয়া মৈত্রের স্বস্তি বাড়াল হাইকোর্ট!

বার্তা ডেস্কঃ

কলকাতা হাইকোর্ট থেকে বড়সড় আইনি স্বস্তি পেলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আগামী ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। বিচাপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ আগামী ১৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গের একটি অনুষ্ঠানে বিশেষ সম্প্রদায়ের আইপিএস ও আইএএস আধিকারিকদের বাদ রাখার অভিযোগ তুলে সোশ্যালে একটি পোস্ট করেছিলেন মহুয়া। সেই প্রেক্ষিতে ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে মামলা দায়ের হয়। এই মামলাতেই বহাল রইল সাংসদের রক্ষাকবচ।

এর পাশাপাশি কৃষ্ণনগর পুলিশকে সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাম্প্রতিককালে কৃষ্ণনগরে দলীয় কর্মীদের সঙ্গে সভা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি, এমনকি তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। আদালতে সওয়ালের সময় সাংসদের আইনজীবীরা তাঁর নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কার কথা প্রকাশ করেন। অন্যদিকে, ডিম ছোড়ার ঘটনাটি নিয়ে একটি জনস্বার্থ মামলা বর্তমানে প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন রয়েছে বলে রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানান। সব মিলিয়ে আপাতত আইনি ও নিরাপত্তা—উভয় দিক থেকেই স্বস্তিতে কৃষ্ণনগরের সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *