কার নির্দেশে বদলালো ফর্ম ৬? নির্বাচন কমিশনকে তোপ রাহুল গান্ধীর!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে তপ্ত রাজনীতি! অনলাইন ‘ফর্ম ৬’-এ আচমকা বদল এনে এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর মাধ্যমে হওয়া এই পরিবর্তনের পেছনে কার হাত রয়েছে—সেই প্রশ্ন তুলে কমিশনকে তুলোধোনা করেছেন তিনি।

কী এই ‘ফর্ম ৬’ বিতর্ক? সম্প্রতি একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অভিযোগ ওঠে, অনলাইন ‘ফর্ম ৬’-এ স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত একটি অতিরিক্ত ঘোষণাপত্র যোগ করা হয়েছিল। খোদ নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশীও এই বেআইনি পরিবর্তনের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন।

এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই এক্স (X) হ্যান্ডেলে তীব্র ক্ষোভ উগরে দেন রাহুল গান্ধী। তিনি লেখেন, “কমিশনের ভেতরে কার নির্দেশে টিসিএস (TCS)-কে এই পরিবর্তন করার নির্দেশ দেওয়া হলো? টিসিএস-এর কোন আধিকারিক এতে সই করলেন? নাকি তাঁদের ওপর গোপন কোনো রাজনৈতিক চাপ ছিল?” এর নেপথ্যে বড় কোনো কারচুপি রয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।

কমিশন ঘেরাও ও মেগা আন্দোলনের ডাক ‘ইন্ডি’ জোটের নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই জোরদার করতে এবার একজোট হয়েছে বিরোধী জোট ‘ইন্ডি’ (INDIA Alliance)। দিল্লিতে আয়োজিত যৌথ বৈঠকের পর একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে:

  • ২ থেকে ৮ অক্টোবর: সারা দেশের জেলায় জেলায় আয়োজিত হবে ‘গণতন্ত্র বাঁচাও মার্চ’।
  • ৬ অক্টোবর: দিল্লি নির্বাচন কমিশন অফিস ঘেরাওয়ের ডাক।
  • অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেবেন শীর্ষ বিরোধী নেতারা।

রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গণতন্ত্র রক্ষায় এবং এই ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত বিরোধীদের এই লড়াই থামবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *