নন্দীগ্রাম উপনির্বাচন: ৩৭ কোম্পানি বাহিনী মোতায়েন, নজর ৭৯ স্পর্শকাতর বুথে!
বার্তা ডেস্কঃ
তমলুক: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বন্দোবস্ত প্রায় চূড়ান্ত। বৃহস্পতিবার বিকেলে নিমতৌড়ির জেলা শাসক ভবনে এক যৌথ সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার এবং পুলিশ সুপার অংশুমান সাহা সার্বিক প্রস্তুতির বিস্তারিত খতিয়ান তুলে ধরেন।
ভোটের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রস্তুতি:
- ভোটের তারিখ: আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশ বা ভোট গণনা হবে ৯ অক্টোবর।
- ভোটার ও বুথ: নন্দীগ্রামে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। পুরো কেন্দ্রে মোট ৩২৩টি বুথে ভোট নেওয়া হবে।
- ভোট সামগ্রী ও স্লিপ: ২ অক্টোবরের মধ্যেই সমস্ত ভোট সামগ্রী প্রস্তুত করার লক্ষ্য রাখা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ ভোটার স্লিপ বিলি শেষ।
নিরাপত্তার নিশ্ছিদ্র বেষ্টনী: নির্বাচন অবাধ ও শান্তিপূণ করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সমগ্র কেন্দ্রে ৩৭ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, যারা মূল বুথগুলির দায়িত্বে থাকবে। পাশাপাশি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের প্রায় ৬০০ থেকে ৭০০ কর্মী মোতায়েন থাকছেন।
সমগ্র কেন্দ্রের মধ্যে ৭৯টি স্পর্শকাতর বুথকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নাকা চেকিং, রুট মার্চ এবং টহলদারি বাড়ানো হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকবে কিউআরটি (QRT), সেক্টর ফোর্স ও অন্যান্য বিশেষ বাহিনী।
বাজেয়াপ্ত নগদ ও বেআইনি মদ: প্রশাসন জানায়, এ পর্যন্ত নির্বাচনী বিধিভঙ্গ সংক্রান্ত ১০২টি অভিযোগ জমা পড়েছিল, যার প্রত্যেকটিই নিষ্পত্তি করা হয়েছে। অভিযানে এ যাবৎ ৯৭ লক্ষ টাকা নগদ এবং ৫,৮৯৩ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় গত দুই মাসে ৩০০টিরও বেশি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) কার্যকর করা হয়েছে। বিরোধীদের প্রচারে বাধার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের কোনো নির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।