নিজের ছেলেমেয়েদের গুটখা খাওয়ান! বলিউড তারকাদের তুলোধোনা করলেন আইএএস তুকারাম
বার্তা ডেস্কঃ
তামাক ও পান মশলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে বলিউডের প্রথম সারির তারকাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। কমিশনার তথা বিশিষ্ট আইএএস অফিসার তুকারাম মুন্ডে সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে ইতিমধ্যেই শো-কজ নোটিশ পাঠিয়েছেন। কঠোর প্রশাসন পরিচালনার জন্য পরিচিত তুকারাম মুন্ডে সাম্প্রতিক এক অনুষ্ঠানে তারকাদের এই ধরনের তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই নোটিশের সন্তোষজনক জবাব না মিললে সংশ্লিষ্ট তারকাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তারকাদের দ্বিচারিতা ও দ্বিমুখী নীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তুকারাম মুন্ডে কড়া ভাষায় বলেন, যে সমস্ত ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন তাঁরা করছেন, তা আগে নিজেদের ব্যবহার করা উচিত এবং নিজেদের সন্তানকে খাওয়ানো উচিত। তিনি প্রশ্ন তোলেন, বিজ্ঞাপনে কেশর থাকার কথা প্রচার করা হলেও তারকারা বা তাঁদের পরিবার কেন তা গ্রহণ করেন না? সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই ধরনের বেআইনি ও অনৈতিক প্রচার চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন এফডিএ কমিশনার।