দুর্গাপুজোর আগে বড় চমক, একধাক্কায় বেতন বাড়ল কাদের?

বার্তা ডেস্কঃ

উৎসবের মরসুমে রাজ্যের ভোকেশনাল ট্রেনারদের জন্য সুখবর নিয়ে এল কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর। সেন্ট্রালি স্পনসরড স্কিমের (CSS-VSE) আওতায় থাকা প্রশিক্ষকদের মাসিক পারিশ্রমিক ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে সরাসরি ২ হাজার টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে তাঁদের। অর্থ দফতরের সম্মতিতে জারি করা এই নতুন নির্দেশিকাটি চলতি বছরের ১ অক্টোবর থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে। নির্দেশটি বাস্তবায়নে ইতিমধ্যেই ‘ডিভেট’ (DVET)-কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দফতর।

স্কুলস্তরে সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের কারিগরি ও পেশাগত দক্ষতায় পারদর্শী করে তুলতে এই প্রশিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে যে, এই ২২ হাজার টাকা মোট পারিশ্রমিক হিসেবে গণ্য হবে। এর মধ্যেই প্রভিডেন্ট ফান্ড (EPF) ও ইএসআই (ESI)-সহ সমস্ত সরকারি অনুদান অন্তর্ভুক্ত থাকবে, তাই এর ওপর অতিরিক্ত কোনো দাবি গ্রহণ করা হবে না। বেতনের পরিমাণ ছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকছে। পুজোর শুরুতেই মাসিক পারিশ্রমিক বৃদ্ধি পাওয়ায় স্বভাবতই খুশি রাজ্যের এই ভোকেশনাল শিক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *