রাজ্যপালের ছবি ব্যবহারে চরম হুঁশিয়ারি, প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা!
বার্তা ডেস্কঃ
রাজ্যপালের নাম ও পরিচয় ভাঁড়িয়ে অভিনব প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল লোক ভবন। সম্প্রতি নির্দিষ্ট কিছু নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি গভর্নর হাউসের “আকাশ সিং” পরিচয় দিলেও, ওই নামে কেউ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। এমনকি অন্য এক ব্যক্তি খোদ রাজ্যপাল বলেই দাবি করে বসে। শুধু তাই নয়, কলকাতার একটি অনুষ্ঠানে অনুমতি ছাড়াই রাজ্যপালের ছবি ব্যবহারের চাঞ্চল্যকর তথ্যও প্রকাশ্যে এসেছে।
এই ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোর হাতে দমনের নির্দেশ দিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থার কথা বলা হয়েছে। ছবির অপব্যবহার নিয়ে তলব করা হয়েছে “অ্যাকশন টেকেন রিপোর্ট”। সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, যাচাই না করে যেন কেউ সন্দেহজনক ফোনে সাড়া না দেন। পাশাপাশি, বিনা অনুমতিতে রাজ্যপালের নাম বা ছবি ব্যবহার করা হলে ০৩৩-২২০০-১৬৪১ নম্বরে অথবা generalcellgs@gmail.com ইমেলে অভিযোগ জানানোর আর্জি জানানো হয়েছে।