ভোটার তালিকা থেকে নাম বাদ? এবার বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন!
বার্তা ডেস্কঃ
বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়া রাজ্যগুলিতে বাদ পড়া ও নতুন ভোটারদের যুক্ত করতে এক মাসের বিশেষ অভিযান ঘোষণা করল নির্বাচন কমিশন। দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব ভোটার SIR চলাকালীন আবেদন করতে পারেননি বা যোগ্য হওয়া সত্ত্বেও নাম বাদ গিয়েছে, তারা ‘ফর্ম ৬’ পূরণ করে পুনরায় নাম নথিভুক্ত করতে পারবেন। সব রাজ্যের সিইও এবং ইআরও-দের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
এই প্রক্রিয়ায় প্রতিটি বুথ স্তরের কর্মকর্তা (BLO) পুনরায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বর্তমান স্থিতি খতিয়ে দেখবেন। কেউ বাদ পড়ে থাকলে তাদের খুঁজে বের করে ফর্ম ৬ পূরণে সহায়তা করা হবে। উল্লেখ্য, সম্প্রতি ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ায় বিরোধীরা সরব হয় এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলে। সেই বিতর্কের আবহেই বাদ পড়া প্রকৃত নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করতে কমিশনের এই বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান।