ঝুলে আছে চেকপোস্টের কাজ, কবে মিটবে নদিয়ার সীমান্তবাসীর ভোগান্তি?

বার্তা ডেস্কঃ

নদিয়ার করিমপুর সংলগ্ন শিকারপুর সীমান্তে একটি নতুন চেকপোস্ট বা স্থলবন্দর গড়ে ওঠার কথা থাকলেও দীর্ঘ বছর ধরে তা কাঁটাতারেই আটকে রয়েছে। ভৌগোলিক দিক থেকে মাথাভাঙ্গা নদী পার হলেই বাংলাদেশের প্রাগপুর, যেখান থেকে কুষ্টিয়া মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৬ সালে দুই দেশের মধ্যে এই বিষয়ে আলোচনা শুরু হলেও কেন্দ্র ও রাজ্য সরকারের পারস্পরিক টানাপোড়েন এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রকল্পটি বাস্তবের মুখ দেখেনি। তৎকালীন সময়ে জমির সংস্থান ও পরিকাঠামো নিয়ে আলোচনা চললেও রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগে সমস্ত আবেদন ধামাচাপা পড়ে যায়।

করিমপুরের বিস্তীর্ণ এলাকা মূলত কৃষিভিত্তিক হওয়ায় সেখানে বড় কোনো শিল্প বা কারখানা গড়ে ওঠেনি। স্থানীয় বাসিন্দাদের দৃঢ় বিশ্বাস, এই চেকপোস্ট চালু হলে শুধু দুই দেশের যাতায়াতই সহজ হতো না, বরং সীমান্ত বাণিজ্যকে কেন্দ্র করে তেহট্ট মহকুমা সহ পুরো এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যেত। ওপার বাংলার সঙ্গে আত্মিক টান ও সমৃদ্ধির স্বপ্ন নিয়ে আজও প্রহর গুনছেন নদিয়ার সীমান্তবাসী। রাজনৈতিক পরিবর্তনের আবহে এই প্রস্তাবিত স্থলবন্দরটি দ্রুত বাস্তবায়িত করার জোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *