প্রবীণদের হাত-পা বাঁধলেই বিপদ, চিকিৎসায় কেন জরুরি মানবিকতা?
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রাক্কালে কলকাতার কলকাতা মেডিক্যাল কলেজে প্রবীণ রোগীদের চিকিৎসায় আচরণগত দক্ষতা বাড়াতে নার্সদের জন্য আয়োজন করা হলো এক বিশেষ কর্মশালা। রিজিওনাল জেরিয়াট্রিক সেন্টার, নার্সিং ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশাল ডিফেন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শেখানো হয়, স্রেফ ওষুধ দিলেই চলবে না, বরং নিজেদের মা-বাবার মতো সহানুভূতি নিয়ে বয়স্কদের দেখতে হবে। পূর্ব ভারতের একমাত্র জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণাংশু তালুকদার জানান, প্রবীণদের আবেগ ও অনুভূতি বুঝে যোগাযোগ মজবুত করা অত্যন্ত জরুরি।
অন্যদিকে, নানান শারীরিক কারণে চিকিৎসার সময় প্রবীণদের হাত-পা বেঁধে ফেলার যে প্রবণতা দেখা যায়, তাকে সম্পূর্ণ বেআইনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. দেবাশিস দাস। পাশাপাশি, প্রবীণদের সুরক্ষায় ন্যাশনাল হেল্পলাইন নম্বর এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাও বঙ্গে দ্রুত কার্যকর করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কেয়ার গিভারের অভাব এবং নিউক্লিয়ার পরিবারের যুগে এই ধরনের মানবিক উদ্যোগ প্রবীণ চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।