পুজোর কাউন্টডাউন শুরু, জেনে নিন মহালয়া ও অমাবস্যার সঠিক সময়!
বার্তা ডেস্কঃ
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই মহালয়া। এই বিশেষ দিনে ভোরে পিতৃতর্পণ সম্পন্ন করে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষের পবিত্র আরাধনা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন এবং উমাকে সাদরে ঘরে ফিরিয়ে নেওয়ার প্রতীক্ষা শুরু হয় এই মহালয়ার ভোরেই। তবে পঞ্জিকাভেদে মহালয়ার অমাবস্যা তিথির সঠিক সময় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, আগামী ৯ অক্টোবর শুক্রবার রাত ৯টা ৩৭ মিনিটে মহালয়ার অমাবস্যা তিথি শুরু হয়ে ১০ অক্টোবর শনিবার রাত ৯টা ২০ মিনিটে শেষ হবে। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৮টা ৫৮ মিনিটে তিথি শুরু হয়ে ১০ অক্টোবর শনিবার রাত ৮টা ৩২ মিনিটে তার সমাপ্তি ঘটবে। পাশাপাশি, চলতি বছরে পুজোর সপ্তমী তিথির তারিখ নিয়ে পঞ্জিকাভেদে যে ভিন্নতা দেখা দিয়েছে, তাও ভক্ত মহলে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।