গভীর রাতে হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে আচমকা তাঁর বুকে তীব্র যন্ত্রণা শুরু হলে, তড়িঘড়ি তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিধানসভায় মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্পিকার। সারা দিন বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকার পর রাতে বাড়ি ফেরেন তিনি। কিন্তু বাড়ি ফেরার পরেই হঠাৎ তাঁর বুকে প্রবল ব্যথা শুরু হয়। বিপদের ঝুঁকি না নিয়ে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে খবর, ভর্তির পরই তাঁর দ্রুত চিকিৎসা শুরু হয়। করা হয় বেশ কিছু জরুরি পরীক্ষানিরীক্ষা। চিকিৎসকদের চেষ্টায় বর্তমানে স্পিকারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি অনেকটাই স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপাতত তাঁকে হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রথীন্দ্র বসু। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দীর্ঘদিনের আরএসএস (RSS) সদস্য রথীন্দ্র এবারই প্রথম বিধায়ক হয়েছেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীকে ২৩ হাজারেরও বেশি ভোটে হারিয়ে প্রথমবার বিধানসভায় পা রাখেন এই বিজেপি নেতা।