পুজোর আগেই অন্নপূর্ণা যোজনায় বড় সুখবর, সরাসরি টাকা পাবেন মহিলারা!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর! চালু হওয়ার মাত্র চার মাসের মধ্যেই রাজ্য সরকারের মেগাহিট প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তবে যে সমস্ত মহিলারা আবেদন করেও এখনও টাকা পাননি, এবার তাঁদের চিন্তা দূর করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে গিয়ে এই প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন তিনি।
বর্তমানে শুক্রবার থেকে শুরু হওয়া ‘সেবা সেতু’ ক্যাম্পে অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের আবেদন ও খোঁজখবর নেওয়ার কাজ চলছে। সেখানে টাকা না পাওয়া অনেক মহিলাই ভিড় জমাচ্ছেন। এই আবহে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। যোগ্য একজন মহিলাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
সম্প্রতি নন্দীগ্রামের বিরুলিয়া মহেশ্বর বাজার এলাকায় বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, “ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ এবং নন্দীগ্রামের প্রায় ৭০ হাজার ৩০০ জন মা-বোনকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। বাকি যোগ্য প্রাপকদের ভেরিফিকেশন শেষের পথে, খুব শিগগিরই তাঁদেরও টাকা দেওয়া হবে। একজনকেও বঞ্চিত করা হবে না।”
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি এদিন অন্যান্য সরকারি প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির হাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১২ থেকে ১৫ হাজার টাকা তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর অঙ্গ হিসেবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি, ‘পিএম কিষাণ যোজনা’-র বরাদ্দ ৬ হাজার টাকার বদলে ৯ হাজার টাকা করা হচ্ছে এবং ‘আবাস যোজনা’-র মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের ৫৪ লক্ষ মানুষ নিজেদের বাড়ির টাকা পেতে চলেছেন।
অক্টোবর মাসের অন্নপূর্ণা যোজনার কিস্তি রিলিজ হওয়ার ঠিক মুখেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের হাজার হাজার যোগ্য অথচ অপেক্ষারত মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে।